চট্টগ্রামের আলোচিত মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে ভারতে যাওয়ার পথে যশোর থেকে আটক করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা আরও তিন সহযোগীকেও আটক করা হয়।
মঙ্গলবার দিবাগত রাত ৪টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও কোতোয়ালি থানার সমন্বয়ে গঠিত নয় সদস্যের একটি বিশেষ দল।
পুলিশ জানিয়েছে, তারা বেনাপোল সীমান্ত হয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে যশোরের দিকে যাচ্ছিলেন।
যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঝুমঝুমপুর এলাকায় নজরদারি ও চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। এ সময় ডেভিড ইমন ও তার তিন সহযোগীকে আটক করা হয়।
প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বুধবার সকাল ১০টার দিকে তাদের চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডেভিড ইমন চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানিয়েছেন। তবে তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় তাকে আটক করা হয়।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. মিরাজুল ইসলাম বলেন, জেলা গোয়েন্দা পুলিশ ও কোতোয়ালি থানার সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযানে ডেভিড ইমনকে তার তিন সহযোগীসহ আটক করা হয়েছে। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাদের চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ও তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর গ্রামের বাসিন্দা ডেভিড ইমন দীর্ঘদিন ধরে সাজ্জাদ বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে পরিচিত। চট্টগ্রামের একাধিক হত্যা, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অস্ত্র প্রদর্শনের ঘটনায় বিভিন্ন সময় তার নাম উঠে এসেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র হাতে তার একাধিক ছবি ছড়িয়ে পড়ার পর তিনি আলোচনায় আসেন বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।