প্রিন্ট এর তারিখঃ Jul 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 29, 2026 ইং
সার্ক পুনরায় সক্রিয় করতে একমত বাংলাদেশ ও নেপাল

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) পুনরায় কার্যকর করে অঞ্চলের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও নেপাল।
বুধবার (২৯ জুলাই) জাতীয় সংসদ ভবনে বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারির সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।
ভারপ্রাপ্ত স্পিকার বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়িয়ে সার্বিক উন্নয়নের লক্ষ্যেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সার্ক প্রতিষ্ঠা করেছিলেন। সংস্থাটিকে পুনরায় সক্রিয় করার মাধ্যমে সেই লক্ষ্য অর্জনের সুযোগ এখনো রয়েছে।
সার্ককে গতিশীল করতে নেপালকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এ বিষয়ে নেপালের রাষ্ট্রদূত পূর্ণ সম্মতি প্রকাশ করেন।
বৈঠকে দুই দেশের সংসদীয় সম্পর্ক উন্নয়ন নিয়েও বিস্তারিত আলোচনা হয়। নেপালের আইনসভা ‘ফেডারেল পার্লামেন্ট অব নেপাল’-এ বাংলাদেশ-নেপাল পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনের জন্য নেপালের স্পিকার দোল প্রসাদ আর্যালকে ধন্যবাদ জানান কায়সার কামাল।
বাংলাদেশ জাতীয় সংসদেও দ্রুত বাংলাদেশ-নেপাল পার্লামেন্টারি মৈত্রী গ্রুপ গঠন করা হবে বলে আশা প্রকাশ করেন ভারপ্রাপ্ত স্পিকার।
তিনি বলেন, দুই দেশের সংসদীয় মৈত্রী গ্রুপ সক্রিয় হলে জনগণের মধ্যে সম্পর্ক আরও গভীর হবে। পাশাপাশি সংসদীয় কূটনীতি, দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক সফর, আইন প্রণয়ন ও সুশাসনের অভিজ্ঞতা বিনিময় এবং আন্তর্জাতিক ফোরামে সহযোগিতার সুযোগ বাড়বে।
নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আমদানির প্রসঙ্গ তুলে ধরে কায়সার কামাল বলেন, শিক্ষা, সংস্কৃতি, যুব বিনিময়, পানি, জ্বালানি, আঞ্চলিক যোগাযোগ, বাণিজ্য ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সহযোগিতা আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে।
সাক্ষাৎকালে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন রাজনৈতিক ও অর্থনৈতিক অভিযাত্রার প্রশংসা করেন। বর্তমান সরকারের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির প্রশংসা করে রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যেই দেশটি জাতিসংঘের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে সফলভাবে উত্তরণ করতে সক্ষম হবে।
সাক্ষাতে নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন প্রতীক কার্কি এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭