প্রিন্ট এর তারিখঃ Jul 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 29, 2026 ইং
পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি নেতারা

পুলিশের ব্যারিকেড ভেঙে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জের উদ্দেশে রওনা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা।
বুধবার বিকেল পাঁচটার দিকে পুলিশের সঙ্গে প্রায় এক ঘণ্টা বাগ্বিতণ্ডার পর তারা হবিগঞ্জের পথে যাত্রা শুরু করেন। সেখানে গিয়ে তাদের সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।
এর আগে বিকেল চারটার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় চা-কন্যা ভাস্কর্যের সামনে ঢাকা–সিলেট আঞ্চলিক মহাসড়কে এনসিপির গাড়িবহর আটকে দেয় পুলিশ।
গাড়িবহরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ এবং জাতীয় নারী শক্তির সদস্যসচিব মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় নেতারা ছিলেন।
এনসিপি নেতাদের অভিযোগ, হবিগঞ্জের উদ্দেশে যাত্রার সময় পুলিশ তাদের সামনে এগোতে নিরুৎসাহিত করে। পরে নেতা-কর্মীদের গাড়িবহর চা-কন্যা ভাস্কর্যের সামনে অবস্থান নেয়।
এর আগে হবিগঞ্জ পৌর শহরে বেলা তিনটায় সমাবেশের ডাক দেয় এনসিপি। একই সময়ে পাল্টা কর্মসূচি ঘোষণা করে হবিগঞ্জ জেলা ছাত্রদল।
দুই পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে জেলা প্রশাসন শহরের নির্দিষ্ট এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করে।
এ বিষয়ে পুলিশের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭