প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 30, 2026 ইং
সন্তানকে সম্পত্তি দিয়েও ভোগদখলের অধিকার রাখতে পারবেন বাবা-মা

সন্তানকে সম্পত্তি লিখে দেওয়ার পরও বাবা-মা যেন জীবদ্দশায় সেটি ভোগদখলের অধিকার ধরে রাখতে পারেন, এমন বিধান যুক্ত করে ‘সম্পত্তি হস্তান্তর আইন’ সংশোধনের পরিকল্পনা করছে সরকার।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এ তথ্য জানান।
তিনি বলেন, প্রস্তাবিত সংশোধনী কার্যকর হলে সম্পত্তির বণ্টন ও হিসাব-নিকাশকে কেন্দ্র করে আদালতে দায়ের হওয়া দেওয়ানি মামলার সংখ্যা অনেকটাই কমে আসবে।
মুসলিম ও হিন্দু আইনে সম্পত্তি হস্তান্তরের বিভিন্ন পদ্ধতির কথা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, মুসলিম আইনে হেবা ও ওয়াসিয়তনামা এবং হিন্দু আইনে উইলের বিধান রয়েছে।
বিদ্যমান হেবা ব্যবস্থার সীমাবদ্ধতা তুলে ধরে তিনি বলেন, বাবা-মা সন্তানকে সম্পত্তি হেবা করে দিলে তাৎক্ষণিকভাবে সম্পত্তির নিয়ন্ত্রণ তাদের হাত থেকে চলে যায়। ফলে পরবর্তী সময়ে তারা সন্তানের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। সন্তান দায়িত্ব না নিলে বাবা-মায়ের আর কিছু করার থাকে না এবং তারা অসহায় অবস্থায় পড়েন।
আইনমন্ত্রী জানান, হেবার পাশাপাশি ‘ট্রান্সফার অব প্রপার্টি অ্যাক্ট’ বা সম্পত্তি হস্তান্তর আইনে সম্পত্তি উপহার দেওয়ারও বিধান রয়েছে। ১৯৬৩ সালের পাকিস্তান সুপ্রিম কোর্টের একটি রায়ের আলোকে আইনে ‘ইউসুফ্রাক্ট রাইট’ বা জীবনস্বত্বের বিধান যুক্ত করার বিষয়টি বিবেচনা করছে সরকার।
প্রস্তাবিত বিধান অনুযায়ী, সন্তানকে সম্পত্তি উপহার দেওয়ার পরও বাবা-মা জীবদ্দশায় সেটি ব্যবহার ও ভোগদখলের অধিকার নিজেদের কাছে রাখতে পারবেন।
আইনমন্ত্রী বলেন, বাবা-মায়ের জীবদ্দশায় উভয় পক্ষের সম্মতি ছাড়া ওই সম্পত্তি বিক্রি করা যাবে না। সন্তান এককভাবে সম্পত্তি বিক্রি করতে পারবে না। একইভাবে বাবা বা মাও সন্তানের সম্মতি ছাড়া তা বিক্রি করতে পারবেন না।
তবে বিশেষ প্রয়োজনে আদালতের অনুমতিতে সম্পত্তি বিক্রির সুযোগ রাখার পরিকল্পনা রয়েছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, বাবা বা মায়ের চিকিৎসার জন্য সম্পত্তি বিক্রি করা জরুরি হলেও সন্তান সম্মতি না দিলে জেলা জজের কাছে আবেদন করা যাবে। জেলা জজ পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত দিতে পারবেন।
আইনমন্ত্রী আশা প্রকাশ করেন, আইনটি সংশোধিত হলে দেওয়ানি মামলা কমার পাশাপাশি সম্পত্তি নিয়ে অনেক পারিবারিক বিরোধেরও সমাধান হবে।
তিনি বলেন, “আমরা জনগণের কল্যাণে কাজ ও পরিবর্তন করতে চাই। জনস্বার্থে যেখানে যেভাবে পরিবর্তন করা সম্ভব, আমরা তা করব।”
এ সময় আইনমন্ত্রী আরও জানান, বাগেরহাটে কোস্টগার্ডের বিরুদ্ধে ওঠা গুমের অভিযোগ সরকার নিরপেক্ষভাবে তদন্ত করবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭