প্রিন্ট এর তারিখঃ Aug 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 1, 2026 ইং
ভারত সিরিজের অনিশ্চয়তা কাটাতে সরকারের সঙ্গে যোগাযোগ বিসিবির

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগস্টের শেষ দিকে বাংলাদেশে আসার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। তবে ভারতের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক নিশ্চয়তা না পাওয়ায় সিরিজের অনিশ্চয়তা কাটাতে সরকারের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার বিসিবি সভাপতি তামিম ইকবাল ও নিরাপত্তা কমিটির চেয়ারম্যান সাঈদ ইব্রাহিম পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেন। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, সিরিজটি নিয়ে ভারতের পক্ষ থেকে এখনো চূড়ান্ত ও আনুষ্ঠানিক নিশ্চয়তা না আসায় সরকারি পর্যায়ে দুই দেশের মধ্যে যোগাযোগের উদ্যোগ নিতে অনুরোধ জানিয়েছে বিসিবি।
বাংলাদেশ ও ভারতের মধ্যকার এই সিরিজটি ২০২৪ সালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দুই দফায় পিছিয়ে দেওয়া হয়।
এর আগে ২৯ জুলাই এক বক্তব্যে বিসিবি সভাপতি তামিম ইকবাল সিরিজটি আয়োজন নিয়ে আশাবাদ প্রকাশ করেন। তবে এ বিষয়ে কিছু অনিশ্চয়তা রয়েছে বলেও জানান তিনি।
তামিম বলেন, সিরিজটি নিয়ে এককভাবে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তার নেই। কিছু বিষয় সরকারের পক্ষ থেকে তদারকি করা প্রয়োজন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭