প্রিন্ট এর তারিখঃ Aug 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 1, 2026 ইং
মিরপুর ও ফার্মগেটের সন্দেহজনক বস্তায় মেলেনি বোমা

রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে পাওয়া সন্দেহজনক দুটি বস্তায় কোনো বোমা বা বিস্ফোরক ছিল না বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পরীক্ষা শেষে মিরপুরের বস্তা থেকে জর্দার কৌটা ও পান পাওয়া গেলেও ফার্মগেটের বস্তায় কোনো বিপজ্জনক বস্তু মেলেনি।
শনিবার সন্দেহজনক বস্তু দুটির খবর ছড়িয়ে পড়লে মেট্রোরেল ব্যবহারকারী ও স্থানীয়দের মধ্যে সাময়িক আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে সংশ্লিষ্ট থানা-পুলিশ, ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে এলাকা ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়।
ডিএমপির মিডিয়া শাখা জানায়, মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে পড়ে থাকা সন্দেহজনক ব্যাগটি প্রথমে এক্স-রে যন্ত্রের মাধ্যমে পরীক্ষা করা হয়। এতে ব্যাগের ভেতরে কৌটাসদৃশ একটি বস্তু দেখা যায়।
এরপর নির্ধারিত নিরাপত্তা পদ্ধতি অনুসরণ করে ফ্র্যাঞ্জিবল ডিসরাপ্টর ব্যবহার করে বস্তুটি নিরাপদ করা হয়। পরে ব্যাগ খুলে এর ভেতরে একটি জর্দার কৌটা ও পান পাওয়া যায়। তবে সেখানে কোনো বিস্ফোরক বা ক্ষতিকর বস্তু ছিল না।
একই সময়ে তেজগাঁও থানার ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে পড়ে থাকা একটি পরিত্যক্ত বস্তাকে ঘিরেও বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। সিটিটিসির বোম্ব ডিসপোজাল দল ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তা নিশ্চিত করার পর সরাসরি বস্তাটি পরীক্ষা করে।
পরীক্ষা শেষে বোম্ব ডিসপোজাল দল নিশ্চিত হয়, ফার্মগেটের বস্তাটিতেও কোনো বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু ছিল না।
দুটি বস্তায়ই বিস্ফোরক না পাওয়ায় পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭