প্রিন্ট এর তারিখঃ Aug 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 2, 2026 ইং
গাজীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে খালু গ্রেপ্তার

গাজীপুরে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার খালু রাশেদুল ইসলাম ওরফে উকিলকে (৪৩) গ্রেপ্তার করেছে র্যাব ।
শনিবার (১ আগস্ট) বিকেল ৩টার দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলার কৈকুরী মধ্যপাড়া গ্রাম থেকে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শাহ আলম জানান, ভুক্তভোগী শিশুটি তার মায়ের সঙ্গে গাজীপুরের কাশিমপুরের সারদাগঞ্জ সুলতান মার্কেট এলাকায় বসবাস করে। তার মা স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত।
র্যাবের ভাষ্য অনুযায়ী, গত ৩০ জুলাই সকাল ১০টার দিকে শিশুটিকে বাসায় একা পেয়ে তার খালু রাশেদুল ইসলাম ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি এলাকা ছেড়ে পালিয়ে যান।
এ ঘটনায় শিশুটির মা কাশিমপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।
শাহ আলম আরও জানান, ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযুক্তকে গ্রেপ্তারে ছায়াতদন্ত শুরু করে র্যাব-১। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব-১ ও র্যাব-১৩ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার রাশেদুল ইসলামকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭