প্রিন্ট এর তারিখঃ Aug 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 2, 2026 ইং
কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে চৌগাছা কলেজ ছাত্রদল নেতা গ্রেপ্তার

যশোরের চৌগাছায় এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী কলেজছাত্রী চৌগাছা থানায় ধর্ষণ মামলা করেছেন।
গ্রেপ্তার আরাফাত চৌগাছা সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। তিনি উপজেলার ফুলসারা ইউনিয়নের বলিদাপাড়া গ্রামের অহিদুল ইসলামের ছেলে।
মামলার অভিযোগে বলা হয়েছে, শনিবার সকালে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করতে চৌগাছায় যাওয়ার পথে ওই কলেজছাত্রীকে মোটরসাইকেলে তুলে নেন আরাফাত। পরে পৌর শহরের নিরিবিলিপাড়া এলাকার একটি বাসায় নিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
বাসায় ফিরে কলেজছাত্রী ঘটনাটি পরিবারের সদস্যদের জানান। পরে তার মা সন্ধ্যায় চৌগাছা থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ আরাফাতকে গ্রেপ্তার করে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, ভুক্তভোগী বাদী হয়ে ধর্ষণ মামলা করেছেন। মামলার আসামি রাব্বিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭