প্রিন্ট এর তারিখঃ Aug 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 2, 2026 ইং
বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ফার্ম নিয়োগ করেছে সরকার

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। তার জামিন বাতিল এবং আইনি প্রক্রিয়ায় দ্রুত দেশে ফিরিয়ে আনতে দুবাইয়ে একটি আন্তর্জাতিক ল’ফার্ম নিয়োগ করেছে বাংলাদেশ সরকার।
রোববার (২ আগস্ট) রাজশাহীতে পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ের আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তার জামিন আদেশ বাতিলের জন্য বাংলাদেশ সরকার দুবাইয়ে একটি ল’ফার্ম নিয়োগ করেছে। আশা করছি, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে দেশে ফিরিয়ে আনতে পারব।’
তিনি আরও বলেন, আদালতের আদেশের প্রত্যয়িত অনুলিপি সংগ্রহের চেষ্টা চলছে। সেটি পাওয়ার পর দ্রুত জামিন বাতিলের উদ্যোগ নেওয়া হবে।
এর আগে রোববার দুপুরে বেনজীর আহমেদের জামিন ও মুক্তির বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তর জানায়, তখন পর্যন্ত এ-সংক্রান্ত কোনো দাপ্তরিক তথ্য তাদের কাছে ছিল না। পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) এএইচএম শাহাদাত হোসাইন বলেন, বিষয়টি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরগুলো জানাতে পারবে।
বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ২৭ জুলাই দুবাইয়ের একটি আদালত বেনজীর আহমেদের জামিন মঞ্জুর করেন। প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা শেষে ৩০ জুলাই তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
আদালতের নির্দেশে জামিন পেলেও বেনজীর আহমেদের ওপর কয়েকটি বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। জামিনের শর্ত অনুযায়ী তার পাসপোর্ট আদালতের হেফাজতে জমা রয়েছে। আদালতের বিশেষ অনুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না।
ফলে জামিনে মুক্ত হলেও আপাতত তার দেশত্যাগের সুযোগ নেই। এদিকে জামিন বাতিল করে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে নিয়োগ করা ল’ফার্মের মাধ্যমে আইনি কার্যক্রম চালাচ্ছে সরকার।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭