প্রিন্ট এর তারিখঃ Aug 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 2, 2026 ইং
দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন আমিন খান

নব্বইয়ের দশকে ঢাকাই চলচ্চিত্রে যাত্রা শুরু করে একের পর এক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন আমিন খান। তবে দীর্ঘদিন ধরে বড় পর্দায় অনিয়মিত ছিলেন জনপ্রিয় এই অভিনেতা। এবার সেই বিরতি ভেঙে ‘গুলশানের চামেলি’ সিনেমার মাধ্যমে আবারও ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছেন তিনি। তবে এবার নায়ক নয়, তাকে দেখা যাবে খলনায়কের চরিত্রে।
নতুন সিনেমায় যুক্ত হয়ে আমিন খান বলেন, ‘খুব ভালো লাগছে। অনেক দিন পর সিনেমায় কাজ করছি। সুযোগ হয়েছে বলেই ফিরছি। মাঝে অনেকটা সময় বিরতি দিয়েছি। কেন জানি না, ব্যাটে-বলে মিলছিল না। নির্মাতা ইকবাল যখন প্রস্তাব দিলেন, তখন মনে হলো সিনেমাটি করা যায়। এ ছাড়া এই সিনেমায় অনেক গুণী শিল্পী কাজ করছেন। সবার চেষ্টা থাকবে দর্শকদের একটি সুন্দর সিনেমা উপহার দেওয়ার।’
১৯৯৩ সালে মোহাম্মদ হোসেন পরিচালিত ‘অবুঝ দুটি মন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় আমিন খানের। এরপর অসংখ্য ব্যবসাসফল ও জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শকদের ভালোবাসা অর্জন করেন তিনি।
‘গুলশানের চামেলি’ সিনেমায় আমিন খান ছাড়াও অভিনয় করবেন অনন্ত জলিল, ওমর সানী, রোজিনা, মিশা সওদাগর, আজমেরী হক বাঁধনসহ আরও অনেকে।
নির্মাতা ইকবাল জানিয়েছেন, আগামী নভেম্বর-ডিসেম্বরে সিনেমাটির শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের কোনো এক ঈদে সিনেমাটি মুক্তি দেওয়া হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭