প্রিন্ট এর তারিখঃ Aug 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 3, 2026 ইং
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীতে বর্ষা বিপ্লবের গান

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজধানীতে দুটি উন্মুক্ত মেগা কনসার্ট অনুষ্ঠিত হবে। সোহরাওয়ার্দী উদ্যান ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে পৃথকভাবে এই দুই সংগীত আসরের আয়োজন করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা) এবং মুনসুন কালচারাল অ্যালায়েন্স।
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে এবং বামবার সহযোগিতায় আয়োজিত কনসার্টটি শুরু হবে বেলা ৩টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। দর্শকদের জন্য প্রবেশদ্বার খুলে দেওয়া হবে বেলা ১টায়। সবার জন্য উন্মুক্ত এ আয়োজনে কোনো টিকিট লাগবে না।
কনসার্টে অংশ নেবে দেশের সাতটি জনপ্রিয় ব্যান্ড—মাইলস, ওয়ারফেজ, ডিফারেন্ট টাচ, লালন, হাইওয়ে, এসেইস ও রে রে। উদ্বোধনী পর্বে মঞ্চে উঠবে রে রে এবং মূল পর্বে পরিবেশনা করবে ছয়টি ব্যান্ড। অনুষ্ঠানে পুরস্কার বিতরণেরও আয়োজন থাকবে।
বামবার সভাপতি হামিন আহমেদ বলেন, জুলাই আন্দোলনে সংগীত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সেই স্মৃতিকে ধারণ করেই সংগীতের মাধ্যমে দিনটি উদ্যাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সবার অংশগ্রহণে আয়োজনটি সফল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন বলেন, জুলাই গণ-আন্দোলনের স্মৃতি জাগ্রত রাখতেই এ কনসার্টের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হবে বলেও জানান তিনি।
আয়োজকদের ভাষ্য, ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’ শুধু একটি সংগীতানুষ্ঠান নয়; এটি সংস্কৃতি, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে উদ্যাপনেরও একটি প্রয়াস।
একই দিন মানিক মিয়া অ্যাভিনিউয়ের জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক আরেকটি উন্মুক্ত কনসার্ট। মুনসুন কালচারাল অ্যালায়েন্সের আয়োজনে বিকেল ৪টায় শুরু হবে এ অনুষ্ঠান।
এতে পারফর্ম করবে আর্টসেল, শিরোনামহীন, আর্ক, অ্যাভয়েড রাফা, কুঁড়েঘর, আসিফ আকবর, সেজান, নাহিদ উইথ ম্যাজিশিয়ানস, ব্যান্ড নীল, জে কে তাহমিদ ও পারশা মাহজাবীনসহ আরও অনেকে। এ আয়োজনও সবার জন্য উন্মুক্ত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭