প্রিন্ট এর তারিখঃ Aug 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 3, 2026 ইং
জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই জুলাইয়ের রক্তের ঋণ শোধ হবে: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার মাধ্যমেই জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের ঋণ শোধ হবে।
তিনি বলেন, যারা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন, তাদের স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব সবার। শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করতে হলে জনগণের অধিকার নিশ্চিত করতে হবে।
সোমবার (৩ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) যৌথভাবে এ সভার আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতে জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
মির্জা ফখরুল বলেন, জুলাই দেশের মানুষের হৃদয়ের একটি অংশ। এ আন্দোলনে যারা জীবন দিয়েছেন এবং আহত হয়েছেন, তাদের আত্মত্যাগের কারণেই দেশের সামনে পরিবর্তনের সুযোগ সৃষ্টি হয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে গণতান্ত্রিক ও জনগণের অধিকারভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।
তিনি বলেন, দীর্ঘদিনের সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, জুলাই গণঅভ্যুত্থান তা আরও শক্তিশালী করেছে। এখন বিভাজন ও সংঘাতের পরিবর্তে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।
জুলাই সনদ বাস্তবায়নে সরকারের প্রতিশ্রুতির কথা উল্লেখ করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, এ বিষয়ে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে এবং সংসদে সংশ্লিষ্ট কমিটি গঠন করা হয়েছে। প্রয়োজনীয় সংস্কারগুলো আলোচনার মাধ্যমে এগিয়ে নিতে হবে।
গণমাধ্যমকে গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকদের সমস্যা, কর্মসংস্থান ও নিরাপত্তার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। জুলাই আন্দোলনে শহীদ ও আহত সাংবাদিকদের পরিবারের প্রতিও রাষ্ট্রের দায়িত্ব রয়েছে।
মির্জা ফখরুল বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণ এবং নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে বর্তমান সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থেকে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
দেশের উন্নয়ন, গণতন্ত্রের বিকাশ ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, জুলাই গণঅভ্যুত্থানসহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের অবদান জাতি কখনো ভুলবে না। একটি কার্যকর সংসদের মাধ্যমে জনগণের অধিকার নিশ্চিত করা গেলেই তাদের আত্মত্যাগের স্বীকৃতি পূর্ণতা পাবে।
আলোচনা সভায় সাংবাদিক নেতাসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭