প্রিন্ট এর তারিখঃ Aug 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 4, 2026 ইং
ডিসেম্বরের মধ্যে নির্ভুল কৃষক তালিকা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

সরকারি ভর্তুকি, ঋণ ও প্রণোদনা প্রকৃত কৃষকের কাছে পৌঁছে দিতে আগামী ডিসেম্বরের মধ্যে দেশের কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তালিকা প্রণয়নের ক্ষেত্রে নিবিড় যাচাই-বাছাইয়ের মাধ্যমে স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করতে বলেছেন তিনি।
মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কৃষক কার্ডবিষয়ক এক সভায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
সভায় তিনি বলেন, কৃষকের ছবি ও কিউআর কোডসংবলিত কার্ডে শুধু পরিচয়সংক্রান্ত তথ্য রাখলেই হবে না। এতে কৃষি উৎপাদন, সরকারি সহায়তা এবং কৃষিপণ্যের বাজারসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যও যুক্ত করতে হবে। এসব বিষয় বিবেচনায় রেখে কৃষক কার্ডের কাঠামো তৈরির নির্দেশ দেন তিনি।
সভায় জানানো হয়, কৃষক কার্ড কার্যক্রমের অংশ হিসেবে ইতোমধ্যে কৃষকদের ব্যাংক হিসাব খোলার কাজ শুরু হয়েছে। প্রয়োজনীয় প্রস্তুতি শেষ হলে পর্যায়ক্রমে কৃষকদের হাতে কার্ড তুলে দেওয়া হবে।
কৃষি খাতে সরকারের ভর্তুকি, সহজ শর্তে ঋণ, প্রণোদনা ও অন্যান্য সুবিধা প্রকৃত কৃষকের কাছে দ্রুত পৌঁছে দিতেই কৃষক কার্ড কর্মসূচি চালু করা হয়েছে।
চলতি অর্থবছরে ৪৩ লাখ কৃষককে এ কার্ডের সুবিধার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরবর্তী তিন বছরের মধ্যে দেশের প্রায় দুই কোটি কৃষককে এই কর্মসূচির অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
সভায় কৃষিমন্ত্রী আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন, বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের সভাপতি এস এম আমীর হামজা শাতিলসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭