প্রিন্ট এর তারিখঃ Aug 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 4, 2026 ইং
ঢাকা আলিয়ার সংঘর্ষস্থলে হেলমেট ও লাঠি হাতে যুবদল নেতা নয়ন

রাজধানীর ঢাকা আলিয়া মাদ্রাসা এলাকায় ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষের সময় হেলমেট পরে লাঠি বা জিআই পাইপসদৃশ বস্তু হাতে যুবদলের কেন্দ্রীয় নেতা রবিউল ইসলাম নয়নকে ঘটনাস্থলে দেখা গেছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৫টার পর সাদা পাঞ্জাবি পরিহিত নয়নকে ঢাকা আলিয়া মাদ্রাসা মোড়ের বিভিন্ন স্থানে দৌড়াতে দেখা যায়। তিনি যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সদস্যসচিব।
ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে তাকে ছাত্রদলের নেতা-কর্মীদের পাশে অবস্থান করতে দেখা গেছে। তবে সংঘর্ষে তার ভূমিকা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে রবিউল ইসলাম নয়ন অভিযোগ করেন, ছাত্রশিবির দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তিনি বলেন, ‘তারা যা করছে করুক, তারা চায় দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি শুরু করতে। তারা মানুষকে কষ্ট দিতে চায়। আমরা তাদের যথোপযুক্ত জবাব দেব।’
একপর্যায়ে ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে তাকে কথা-কাটাকাটিতে জড়াতে দেখা যায়। ছাত্রশিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তুলে তিনি পুলিশকে বলেন, ‘তারা গুলি করছে, আপনারা কিছু করছেন না কেন?’
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা আলিয়া মাদ্রাসা ও ন্যাশনাল মেডিকেল কলেজসংলগ্ন এলাকায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা নিয়েও উভয় পক্ষ প্রশ্ন তুলেছে।
এর আগে একই দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে পৃথক সংঘর্ষ ঘটে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরসহ বিভিন্ন দাবি নিয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করতে গেলে বাধা ও হামলার শিকার হওয়ার অভিযোগ করেন জকসু ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। ওই ঘটনা পরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। এতে কয়েকজন আহত হন।
অন্যদিকে, ঢাকা কলেজে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে দুপুর সাড়ে ১২টার দিকে দুই সংগঠনের মধ্যে সংঘর্ষ হয়। ছাত্রশিবিরের অভিযোগ, তাদের অফিস সম্পাদক আব্দুল মালেককে মারধর করে গুরুতর আহত করা হয়েছে। তবে ছাত্রদল পাল্টা অভিযোগ করে, বহিরাগত শিবিরকর্মীরা প্রথমে তাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালান।
ঢাকা কলেজের ওই ঘটনার পর ন্যাশনাল মেডিকেল কলেজ ও ঢাকা আলিয়া মাদ্রাসা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সেখানে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭