প্রিন্ট এর তারিখঃ Aug 6, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 6, 2026 ইং
সাকিবকে নিয়ে আগের অবস্থানের জন্য ক্ষমা চাইলেন আসিফ আকবর

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে নিজের আগের অবস্থানের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও সংগীতশিল্পী আসিফ আকবর।
বৃহস্পতিবার (৬ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সাকিবকে ইঙ্গিত করে তিনি লেখেন, “দেশের গ্রেট প্লেয়ার হিসেবে তার প্রতি সিমপ্যাথি ছিল। আসলে সে খুনির প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট। বিলম্বিত বোধোদয়ের জন্য আমি লজ্জিত, দুঃখিত, ক্ষমাপ্রার্থী।”
সাকিব আল হাসানকে ঘিরে সাম্প্রতিক রাজনৈতিক বিতর্কের প্রেক্ষাপটে আসিফ আকবর এ পোস্ট দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
বুধবার (৫ আগস্ট) ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লির একটি সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান ফেসবুক লাইভের মাধ্যমে যুক্ত ছিলেন বলে উল্লেখ করা হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনা তৈরি হয়।
এর আগে সাকিবের প্রতি প্রকাশ্যে সমর্থন ও প্রশংসা জানিয়েছিলেন আসিফ আকবর। চলতি বছরের মার্চে সাকিবের ৩৯তম জন্মদিন উপলক্ষে লন্ডনে তার সঙ্গে কেক কাটার একটি ভিডিও প্রকাশিত হয়। ভিডিওতে আসিফ আকবরকে সাকিবের জন্মদিন উদযাপন করতে দেখা যায়। সে সময় তিনি সাকিবকে ‘নবাব’ বলেও সম্বোধন করেছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭