প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 12, 2026 ইং
আবারও রিয়ালকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতলো বার্সেলোনা

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে টানা দ্বিতীয়বার স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতেছে বার্সেলোনা।
জেদ্দায় অনুষ্ঠিত স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রোমাঞ্চকর লড়াইয়ে ৩-২ গোলে রিয়ালকে হারিয়ে শিরোপা জিতেছে কাতালান জায়ান্টরা।
জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ম্যাচটি শুরু থেকেই ছিল উত্তেজনাপূর্ণ। পাঁচ গোলের চারটিই আসে প্রথমার্ধে, যার তিনটি ছিল ইনজুরি টাইমে। শুরুতে দুই দলই সমানতালে আক্রমণ চালালেও আধঘণ্টা পার হওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বার্সেলোনা।
২-২ সমতায় দ্বিতীয়ার্ধ শুরু হয়। ম্যাচের ৭৩তম মিনিটে রাফিনহার নেওয়া শট রিয়াল ডিফেন্ডার রাউল আসেনসিওর গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। থিবো কোর্তোয়া বল ঠেকাতে ভুল করেন। তিন মিনিট পর হাঁটুর চোট কাটিয়ে বদলি হিসেবে নামেন কিলিয়ান এমবাপে, তবে শেষ পর্যন্ত সমতা ফেরাতে ব্যর্থ হয় রিয়াল।
৯০ মিনিটের পর উত্তেজনা চরমে ওঠে। এমবাপেকে ফাউল করে লাল কার্ড দেখেন ফ্রেঙ্কি ডি ইয়াং। একজন কম নিয়ে শেষ মিনিটগুলো সামলেও বার্সা গোল হজম করেনি। গোলকিপার জোয়ান গার্সিয়া শেষদিকে আলভারো কারেরাস ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর শট ঠেকিয়ে জয় নিশ্চিত করেন।
এর ফলে টানা দ্বিতীয়বারের মতো সুপার কাপের শিরোপা জিতে নেয় বার্সেলোনা। সব মিলিয়ে এটি তাদের ১৬তম স্প্যানিশ সুপার কাপ ট্রফি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭