প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 14, 2026 ইং
অস্থিরতা কমাতে এলপিজি আমদানির সিদ্ধান্ত বিপিসির

দেশে এলপিজির তীব্র সংকট নিরসনে এলপিজি আমদানির উদ্যোগ নিতে যাচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
বুধবার (১৪ জানুয়ারি) জিটুজি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (সরকার থেকে সরকার) ভিত্তিতে এলপিজি আমদানির অনুমতি চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
বর্তমানে দেশের এলপিজি বাজার প্রায় সম্পূর্ণভাবে বেসরকারি খাতনির্ভর হওয়ায় খুচরা পর্যায়ে সিলিন্ডারের দামের ওপর সরকারের নিয়ন্ত্রণ থাকছে না। এই বাস্তবতায় সরকারি পর্যায়ে আমদানির মাধ্যমে বাজারে ভারসাম্য ফিরিয়ে আনা এবং কৃত্রিম সংকট মোকাবিলা করাই বিপিসির মূল লক্ষ্য।
বিপিসি চেয়ারম্যান মো. আমিন উল আহসানের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে পাঠানো ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, বর্তমানে বাজারে এলপিজি সিলিন্ডারের তীব্র সরবরাহ ঘাটতি ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটেছে। বেসরকারি অপারেটরদের অনেকেই নানা জটিলতায় নিয়মিত আমদানি করতে পারছে না, যার সুযোগ নিয়ে কোথাও কোথাও কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে।
সরকারিভাবে এলপিজি আমদানি করা গেলে তা বেসরকারি অপারেটরদের মাধ্যমেই দ্রুত বাজারে সরবরাহ করা সম্ভব হবে, যা বাজার স্থিতিশীল করতে সরকারের হাতে একটি কার্যকর হাতিয়ার হিসেবে কাজ করবে। তবে বিপিসির নিজস্ব অবকাঠামো না থাকায় বেসরকারি অপারেটরদের টার্মিনাল ও খালাস সুবিধা ব্যবহার করেই এই বণ্টন প্রক্রিয়া সম্পন্ন করার প্রস্তাব দেওয়া হয়েছে।
এ বিষয়ে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন যে, সরকার বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে জিটুজি ভিত্তিতে আমদানির সম্ভাব্যতা যাচাই করছে। গ্রাহকদের জিম্মিদশা থেকে মুক্তি দিতে সরকার আপাতত কেবল আমদানির দায়িত্ব নেবে; তবে সংরক্ষণ ও বোতলজাতকরণের কাজ বেসরকারি খাতের মাধ্যমেই হবে।
এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (লোয়াব)।লোয়াব সভাপতি মোহাম্মদ আমিরুল হক মনে করেন, বিপিসি আমদানি শুরু করলে ভোক্তারা সরাসরি উপকৃত হবেন এবং খাতের চলমান অস্থিরতা দূর হবে।
বর্তমানে ১২ কেজি সিলিন্ডারের নির্ধারিত দাম ১ হাজার ৩০৬ টাকা হলেও বিক্রি হচ্ছে বাজারে তা অনেক বেশি দামে। বিপিসির এই নতুন উদ্যোগ কার্যকর হলে সরকারি উৎস থেকে এলপিজির জোগান বাড়বে এবং সাধারণ মানুষ সাশ্রয়ী মূল্যে জ্বালানি পাবে বলে আশা করা যাচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭