প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 14, 2026 ইং
ঢাকায় এসেছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত

ঢাকায় মার্কিন দূতাবাসের দায়িত্ব নিতে ঢাকায় এসে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ।
গত সোমবার (১২ জানুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি পৌঁছালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি শিগগিরই রাষ্ট্রপতি ও পররাষ্ট্র উপদেষ্টার কাছে পরিচয়পত্র পেশ করবেন বলে জানিয়েছে কূটনৈতিক সূত্র । এরপর আনুষ্ঠানিকভাবে শুরু হবে তার দায়িত্বকাল।
বাংলাদেশে এসে ‘বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করতে পারা আমার জন্য সম্মানের’বলে জানান ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এসময় তিনি আরও বলেন,‘আমি আমাদের দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় করে আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধিকে এগিয়ে নিতে আগ্রহী। আমার স্ত্রী এবং আমি এমন একটি দেশে ফিরে আসতে পেরে আনন্দিত, যে দেশের সঙ্গে আমাদের অনেক সুন্দর স্মৃতি জড়িয়ে আছে।’
জানা গেছে, চলতি সপ্তাহেই পরিচয়পত্র পেশের মধ্য দিয়ে ঢাকায় দায়িত্ব পালন শুরু করবেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করবেন।
এর আগে গত ৯ জানুয়ারি মার্কিন পররাষ্ট্র দপ্তরে শপথ নেন নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।তাকে শপথবাক্য পাঠ করান দেশটির ব্যবস্থাপনা ও সম্পদ বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী মাইকেল জে রিগাস ।
এর আগে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন ব্রেন্ট ক্রিস্টেনসেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭