প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 14, 2026 ইং
সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের দাবিতে ঢাকার তিন পয়েন্টে অবরোধ

অন্তর্বর্তীকালীন সরকার প্রস্তাবিত রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে ঢাকার তিনটি পয়েন্টে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১২টায় তিতুমীর কলেজের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। মিছিলটি মহাখালীর টিভি গেট প্রদক্ষিণ করে আমতলীতে গিয়ে সড়ক অবরোধের মাধ্যমে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়। এতে আমতলী এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
একইদিন রাজধানীর টেকনিক্যাল মোড় থেকে বেলা ১২টার দিকে সড়কে নামেন শিক্ষার্থীরা। এর ফলে টেকনিক্যাল মোড় থেকে গাবতলী, মিরপুর ও কল্যাণপুরমুখী তিনটি সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায় ।
একইভাবে বেলা পৌনে ১২টার দিকে তাঁতীবাজার মোড় ও ১টার দিকে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা।
এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, প্রশাসন শুরু থেকেই আমাদের সঙ্গে তালবাহানা করছে। এর ফলে আমরা শুরুতেই সেশনজটে পড়েছি। প্রশাসনের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হলেও দাবি বাস্তবায়নের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।
শিক্ষার্থীরা আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি না হলে আন্দোলন আরও কঠোর করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে এবং প্রয়োজনে পুরো ঢাকা অচল করে দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
আন্দোলনকারীদের এক দফা দাবি হলো আগামীকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠেয় উপদেষ্টা পরিষদের সভাতেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের হালনাগাদ খসড়ার অনুমোদনের পাশাপাশি রাষ্ট্রপতিকর্তৃক চূড়ান্ত অধ্যাদেশ জারি। দাবি বাস্তবায়নের ব্যত্যয় হলে শিক্ষার্থীদের কর্মসূচি চলমান থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।
কলেজগুলোর শিক্ষার্থীরা নতুন বিশ্ববিদ্যালয়টির আইনি কাঠামো দ্রুত নিশ্চিত করার পক্ষে অবস্থান নিয়ে দ্রুততম সময়ে অধ্যাদেশ জারির দাবি জানিয়ে আসছেন।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অধ্যাদেশের প্রথম প্রস্তাবিত খসড়া থেকে অনেকটা সরে এসেছে মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী কলেজগুলো বর্তমান স্বাতন্ত্র্য, বৈশিষ্ট্য অক্ষুণ্ন রেখে এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ‘সংযুক্ত’ হিসেবে কার্যক্রম চালাবে।
এক সময় এই কলেজগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। কলেজগুলো ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে কলেজগুলোর শিক্ষার্থীরা আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি তোলেন। গত বছরের ২৭ জানুয়ারি কলেজগুলোর অধিভুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭