প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 18, 2026 ইং
৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত

রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রবিবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ও শিক্ষা মন্ত্রণালয় পর্যায়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে অধ্যাদেশের চূড়ান্ত খসড়া রোববার মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে অধ্যাদেশটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পাবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, অধ্যাদেশ চূড়ান্তকরণের আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর মতামত গ্রহণ, ওয়েবসাইটে প্রকাশের মাধ্যমে জনমত সংগ্রহ, শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় এবং বিশেষজ্ঞদের অভিমত গ্রহণসহ প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, খসড়া প্রণয়নের ক্ষেত্রে অংশীজনদের যৌক্তিক প্রত্যাশার প্রতিফলন ঘটানো এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার উপযোগী কাঠামো নির্ধারণই ছিল শিক্ষা মন্ত্রণালয়ের প্রধান লক্ষ্য। ধারাবাহিকভাবে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সংক্রান্ত অগ্রগতির তথ্য সর্বসাধারণকে অবহিত করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১৬ মার্চ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুর রহমান এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাতটি কলেজের অধিভুক্তি বাতিল করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের ঘোষণা দেন। তবে অধ্যাদেশ জারি না হওয়ায় বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করে গত সপ্তাহেও রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করে আসছেন। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর এই আন্দোলন আরও জোরালো হয়।
২০১৭ সালে এই সাতটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। কলেজগুলো হলো—সরকারি তিতুমীর কলেজ,ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ এবং ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭