প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 22, 2026 ইং
যারা জান্নাতের টিকিট দেওয়ার কথা বলছে, তারা মানুষকে ঠকাচ্ছে :তারেক রহমান

যারা জান্নাতের টিকিট দেওয়ার কথা বলছে, তারা মানুষকে ঠকাচ্ছে,এটা শিরিকের শামিল,বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।তিনি বলেন, একাত্তরে তাদের ভূমিকা কোথায় ছিল, তা দেশের মানুষ ভালো করেই জানে। সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত বিশাল নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।
আজ বৃহস্পতিবার সিলেট নগরের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনী জনসভায় দেশবাসীর সাহায্য ও দোয়া কামনা করে তারেক রহমান ধানের শীষকে জয়যুক্ত করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
তারেক রহমান বলেন, ‘কেউ কেউ বলে, অমুককে দেখেছি, তমুককে দেখেছি। এবার একে দেখেন। প্রিয় ভাইবোনেরা, ১৯৭১ সালে যে যুদ্ধ, যে যুদ্ধে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, আমাদের এই প্রিয় মাতৃভূমি, সেই মাতৃভূমিকে স্বাধীন করার সময় অনেকের ভূমিকা আমরা দেখেছি। যাদের ভূমিকার জন্য এই দেশের লক্ষ লক্ষ ভাইয়েরা শহীদ হয়েছেন। এই দেশের লক্ষ লক্ষ মা-বোনদের সম্মানহানি হয়েছে। তাদের তো বাংলাদেশের মানুষ দেখেই নিয়েছে।’
তারেক রহমান হাসিনা সরকারের শাসন ব্যবস্থাকে স্মরণ করে বলেন, গত ১৫ বছরে সমবেত হওয়ার এই প্রেক্ষাপট তৈরি করতে অসংখ্য মানুষ প্রাণ দিয়েছেন। বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, বিএনপিসহ লাখো সাধারণ মানুষ নির্যাতিত, পঙ্গু ও নিঃস্ব হয়েছেন। ব্যালট ছিনতাই ও ডামি নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে।
তারেক রহমান বলেন, ধানের শীষ জয়যুক্ত হলে কৃষকদের পাশে দাঁড়ানো হবে। কৃষি কার্ড চালু করা হবে এবং খাল খনন কর্মসূচির মাধ্যমে পানির সংকট দূর করা হবে। নদী থেকে খাল কেটে পানি আনার পরিকল্পনার কথাও জানান তিনি।
তিনি বলেন, তরুণদের জন্য ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা হবে। বিদেশগামীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা হবে, যাতে তারা সম্মানের সঙ্গে কাজ করতে পারে এবং দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে।
বিএনপির রাজনীতিতে ঐতিহাসিক গুরুত্ব বহন করে আলিয়া মাদ্রাসা মাঠ। ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একাধিকবার এই মাঠে জনসভা করেন। সেই ধারাবাহিকতায় এবার তারেক রহমান একই মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭