প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 23, 2026 ইং
উত্তরবঙ্গে নির্বাচনী সফরে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান উত্তরবঙ্গের ৮টি জেলা সফরের উদ্দেশে আজ শুক্রবার সকাল ৮টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন।
বিমানবন্দর ত্যাগের আগে ডোমেস্টিক লাউঞ্জে সাংবাদিকদের কথা বলেন শফিকুর রহমান।এসময় তিনি বলেন, গতকাল থেকে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। সরকার আগে থেকেই প্রচারণা শুরু করলেও জামায়াতে ইসলামী আরপিওকে সম্মান জানিয়ে সে ধরনের কার্যক্রমে অংশ নেয়নি।
তিনি বলেন, গত ৫৪ বছরে বাংলাদেশ কার্যত চোরাবালিতে নিমজ্জিত হয়েছে। দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে এবং জাতির কাঁধে প্রায় ১১৫ বিলিয়ন ডলারের ঋণের বোঝা চাপানো হয়েছে। ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসের মুখে পড়েছে। একই সঙ্গে বিপুল সংখ্যক শিক্ষিত যুবক বেকারত্বে ভুগছে এবং কর্মক্ষেত্রে কর্মীবান্ধব ও নিরাপদ পরিবেশ এখনও নিশ্চিত করা যায়নি।
এই সংকটময় সময়ে জাতির প্রথম প্রয়োজন ঐক্য। পরস্পরকে আঘাত না করে বাস্তবভিত্তিক কর্মসূচি নিয়ে জনগণের সামনে যেতে হবে। জনগণের ভোটে যারা নির্বাচিত হবেন, তাদের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। নির্বাচনকে ভিন্ন কৌশলে প্রভাবিত করার সব ধরনের অসৎ উদ্দেশ্য থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
প্রবাসী ভোটাধিকার প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে সচল রেখেছেন। অথচ তারা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। আন্দোলন ও স্মারকলিপির মাধ্যমে জামায়াতে ইসলামী তাদের ভোটাধিকার নিশ্চিত করেছে। এ বিষয়ে সরকারের ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। প্রবাসীদের ব্যালট পেপার পাঠানো শুরু হলেও এখনও কিছু দেশে পৌঁছায়নি। মধ্যপ্রাচ্য ও পশ্চিমা দেশগুলোর সাপ্তাহিক ছুটির কারণে সময় সীমিত উল্লেখ করে তিনি নির্বাচন কমিশনের কাছে সময়মতো ব্যালট পৌঁছানো ও ফেরত আনার ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রসঙ্গে আমিরে জামায়াত বলেন, যারা গত ৫৪ বছরের ব্যর্থ ও পচে যাওয়া রাজনীতি চান না এবং মৌলিক পরিবর্তন চান, তারা গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবেন ।
তিনি আরও বলেন, দেশপ্রেমিক ও ইসলামী দলগুলোর সমন্বয়ে জামায়াতে ইসলামী নির্বাচনী মাঠে রয়েছে। “আমরা একা নই, সবাই মিলে বাংলাদেশ গড়ব”—এই অঙ্গীকারের মধ্য দিয়েই তারা এগিয়ে যাচ্ছেন। দলের স্লোগান উল্লেখ করে তিনি বলেন, ‘এসো একসাথে গড়ি বাংলাদেশ’।
যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তরুণদের ত্যাগ ও রক্তের বিনিময়েই ২০২৬ সালের নির্বাচন সম্ভব হয়েছে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে যুব সমাজের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।
এক প্রশ্নের জবাবে তিনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে উদ্দেশ্যমূলক ভিডিও তৈরি করে অপপ্রচার চালানো হচ্ছে কি না—তা খতিয়ে দেখা প্রয়োজন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সেক্রেটারি আবদুস সাত্তার সুমনসহ দলের নেতাকর্মীরা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭