প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 24, 2026 ইং
পোস্টাল ব্যালটে দ্রুত ভোট দিতে নিবন্ধিত ভোটারদের অনুরোধ ইসির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধিত ভোটারদের দ্রুত ভোট প্রদান করার অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।শনিবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ বিশেষ অনুরোধ জানানো হয়।
যেসব ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন, তাঁদের ব্যালট পাওয়ার সঙ্গে সঙ্গে ভোট দিয়ে নির্ধারিত হলুদ খামটি নিকটস্থ পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিতে বলা হয়েছে।
ইসির বার্তায় বলা হয়,‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধিত ভোটাররা ব্যালট পাওয়ার পর যত দ্রুত সম্ভব ভোটদান সম্পন্ন করে হলুদ খামটি ডাকযোগে পাঠাবেন। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকেল ৪টা ৩০ মিনিটের মধ্যে ব্যালট পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পর পৌঁছানো কোনো ব্যালট গণনায় অন্তর্ভুক্ত করা হবে না।
প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পোস্টাল ভোট প্রদানের জন্য দেশ ও বিদেশ থেকে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করেছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭