প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 26, 2026 ইং
কুষ্টিয়ায় জামায়াত আমিরের নির্বাচনী জনসভা শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে উত্তরাঞ্চলের নির্বাচনি প্রচার শেষ করে দেশের দক্ষিণাঞ্চলে প্রথম জনসভা করছে বাংলাদেশ জামায়াত ইসলামী । এরই অংশ হিসেবে কুষ্টিয়ায় আজ সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় শহিদ আবরার ফাহাদ স্টেডিয়াম মাঠে এ জনসভা শুরু হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াত আমির ডা শফিকুর রহমান ।
এসময় তিনি বলেন,‘আমরা জাতির সমস্ত মানুষের মুক্তির চিন্তা করি। আমরা নিজেরা খাওয়ার জন্য রাজনীতি করি না। দলীয় কর্মীদের পেট ভরার জন্যও রাজনীতি করি না।’
বিগত সময়ের গুম সম্পর্কে শফিকুর রহমান বলেন, ‘অসংখ্য মায়ের বুক থেকে, বোনের বুক থেকে তাদের আপনজনকে তুলে নিয়ে বছরের পর বছর আয়নাঘরে রাখা হয়েছে, গুম করে রাখা হয়েছে। বেশির ভাগই আমরা ফেরত পেয়েছি আলহামদুলিল্লাহ। হয় জীবিত অথবা লাশ হিসেবে। কিছু এখনো পাইনি। তাদের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুজন আছে। এ রকম আরও আটজন আছে, যাদের আজও খুঁজে পাইনি।’
শফিকুর রহমান আরও বলেন,‘আমরা তিনটা কাজ করব—যোগাযোগব্যবস্থার উন্নতি করব, সিন্ডিকেট ভেঙে একদম চুরমার করে দেব এবং চাঁদাবাজিতে যারা লিপ্ত, তাদের আমাদের বুকে টেনে নিয়ে ভালো কাজে লাগিয়ে দেব।’
এদিন সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের এলাকা থেকে দলে দলে নেতাকর্মীরা জনসভাস্থলে আসতে শুরু করেন। বাস, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে করে তারা সমাবেশস্থলে উপস্থিত হন।
জনসভাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জামায়াতে ইসলামীর স্বেচ্ছাসেবকরা নিয়মিত তদারকি করতে দেখা যায় । নেতাকর্মীদের অনেককে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা, মনোগ্রাম সংবলিত ব্যাজ, টি-শার্ট, পাঞ্জাবি ও মাফলার পরিহিত অবস্থায় দেখা যায়।
এ সফরের অংশ হিসেবে ডা. শফিকুর রহমান বেলা ১২টায় মেহেরপুর, বিকাল সাড়ে ৪টায় চুয়াডাঙ্গা এবং সন্ধ্যা ৬টায় ঝিনাইদহে পৃথক নির্বাচনী মহাসমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭