প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 1, 2026 ইং
যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত জেট বিমান বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত

যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের মেইন ব্যাঙ্গর আন্তর্জাতিক বিমানবন্দর (বিজিআর) থেকে উড্ডয়নের সময় বিধ্বস্ত হওয়া একটি ব্যক্তিগত জেট বিমানের সাত আরোহী নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার রাত ৭টা ৪৫ মিনিটের দিকে বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে আগুন ধরে যায়।
সোমবার যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, এ ঘটনায় বিমানটির আট আরোহীর মধ্যে অবশিষ্টজন গুরুতর আহত হয়েছেন। এক সরকারি কর্মকর্তা রয়টার্সকে জানান, দুই ইঞ্জিনের টার্বো-ফ্যান জেট বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার সিক্স হান্ড্রেড বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আগুনের লেলিহান শিখা সেটিকে গ্রাস করে নেয়। আবহাওয়ার প্রতিবেদন অনুযায়ী, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে বিমানবন্দরটিতে হালকা তুষারপাত শুরু হয়েছিল।
তবে এ ঘটনায় আবহাওয়ার কোনো ভূমিকা আছে কি না তা পরিষ্কার হয়নি। ঘটনার সময় তুষারপাত হতে থাকায় দৃশ্যমানতাও কমে গিয়েছিল।
সোমবার সকালে ব্যাঙ্গর বিমানবন্দর বন্ধ রাখা হয়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেইফটি বোর্ড বিমান বিধ্বস্তের ঘটনাটি তদন্ত করছে। ওই সরকারি কর্মকর্তা জানিয়েছেন, বিমানটি টেক্সাস থেকে মেইনে এসেছিল। বিমানটি টেক্সাসের হিউস্টনের একটি কোম্পানির ঠিকানায় নিবন্ধিত ছিল। এফএএর রেকর্ড থেকে জানা গেছে, বিমানটি ২০২০ এর এপ্রিল থেকে পরিষেবা দেওয়া শুরু করেছিল।
রোববার যুক্তরাষ্ট্রের উত্তরপূর্বাঞ্চলের নিউ ইংল্যান্ড থেকে দক্ষিণপশ্চিমের টেক্সাস অঙ্গরাজ্য পর্যন্ত একটি প্রাণঘাতী তীব্র শীতকালীন ঝড় বয়ে যাচ্ছিল। এই দুর্যোগের অংশ হিসেবে মেইনের অধিকাংশ স্থানজুড়ে শীতকালীন ঝড়ের সতর্কতা জারি করা হয়েছিল। অঙ্গরাজ্যটির তৃতীয় বৃহত্তম শহর ব্যাঙ্গরও এর আওতায় ছিল।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭