প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 1, 2026 ইং
ভারতে বিমান বিধ্বস্ত: মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ পাঁচজন নিহত

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বিমানে থাকা আরও চারজনেরও মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই। অজিত পাওয়ারের এক ঘনিষ্ঠ সহযোগী কিরণ গুজরও তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। অন্যদিকে, ভারতের বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএকে উদৃত করে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, বিমানে থাকা পাঁচজনেরই মৃত্যু হয়েছে।
স্থানীয় সময় সকাল ৮টার দিকে বিমানটি মুম্বাই থেকে বারামাতির উদ্দেশে উড়াল দেয়। এর ৪৫ মিনিট পর পৌনে ৯টার দিকে বিমানটি নামার প্রস্তুতি নেওয়ার সময় বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার পরই বিমানটি আগুন ধরে যায়। পুনের স্থানীয় সরকার নির্বাচনের আগে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারের জন্য বারামাতি যাচ্ছিলেন তিনি। সেখানে চারটি জনসভায় উপস্থিত হওয়ার কথা ছিল ভারতের বর্ষিয়ান রাজনীতিবিদ শারদ পাওয়ারের ভাতিজা অজিত পাওয়ারের। ডিজিসিএ জানিয়েছে, বিমানটি মুম্বাই থেকে নিয়মিত ফ্লাইট হিসেবে যাত্রা শুরু করেছিল। তবে অবতরণের সময় কী কারণে বিমানটি নিয়ন্ত্রণ হারায়, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
অজিত পাওয়ারের আকস্মিক মৃত্যুতে মহারাষ্ট্রসহ ভারতের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭