প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 28, 2026 ইং
গোপালগঞ্জে শ্রমিক নেতা বাসু হত্যার ঘটনায় পাঁচজনের মৃত্যুদণ্ড

দশ বছর আগে গোপালগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইদুর রহমান বাসুর হত্যার ঘটনায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ পাঁচজনকে মৃত্যুদণ্ড, চার জনের আমৃত্যু এবং ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
বিচারক মো. রহিবুল ইসলাম বুধবার এই মামলার রায় ঘোষণা করেন।
রায়ে দণ্ডপ্রাপ্তরা হলেন বুলবুল শেখ, হেদায়েত শেখ, তফসির শেখ, কিবরিয়া আল কাজী ও ঝন্টু শেখ।সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুর রশীদ মোল্লা এ তথ্য জানিয়েছেন।
২০১৬ সালে ১৭ ফেব্রুয়ারি রাতে গোপালগঞ্জের কুয়াডাঙ্গা মোটর শ্রমিক ইউনিয়নের অফিস থেকে মৌলভীপাড়ার বাসায় ফেরার পথে বাসুকে কুপিয়ে ও পিটিয়ে ফেলে রেখে পালিয়ে যায় একদল হামলাকারী। চিকিৎসাধীন অবস্থায় পরদিন ঢাকার পঙ্গু হাসপাতালে তার মৃত্যু হয়।
২০১৭ সালের ২৯ আগস্ট গোপালগঞ্জ দায়রা জজ মো. দলিল উদ্দিন অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। পরবর্তী সময়ে মামলাটি বিচার ও নিষ্পত্তির জন্য ২০১৮ সালের ১৬ আগস্ট ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ পাঠানো হয়। এ ট্রাইব্যুনালে আসামিদের বিচার কার্যক্রম শেষ হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭