প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 1, 2026 ইং
শেরপুরে সংঘর্ষের ঘটনায় ইউএনও ও ওসি প্রত্যাহার: ইসি

শেরপুরে জামায়াত ও বিএনপির সংঘর্ষে উপজেলা জামায়াত সেক্রেটারি নিহতের ঘটনায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কে প্রত্যাহার করা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।
বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। তিনি বলেন, শেরপুরের ঘটনার প্রেক্ষিতে সংশ্লিষ্ট ইউএনও ও ওসিকে প্রত্যাহার করা হয়েছে। প্রার্থীদের বিরুদ্ধে গঠিত জুডিশিয়াল ইনকোয়ারি কমিটির প্রতিবেদন পাওয়ার পর কমিশন পরবর্তী ব্যবস্থা নেবে।
এর আগে বুধবার শেরপুর-৩ সংসদীয় আসনের ঝিনাইগাতী উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হন। ওই ঘটনায় উভয় পক্ষের অন্তত শতাধিক নেতা-কর্মী আহত হন।
সংঘর্ষ থামাতে গিয়ে একজন সেনাসদস্যও আহত হন। আহত সেনাসদস্যকে প্রাথমিক চিকিৎসা শেষে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়।
এই ঘটনার পর আজ দুপুরে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা জানান, বর্তমানে ঝিনাইগাতীসহ জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭