প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 1, 2026 ইং
অস্ট্রেলিয়ান ওপেনে জকোভিচকে হারিয়ে আলকারাজের ইতিহাস

প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতে নিলেন স্প্যানিশ সেনসেশন কার্লোস আলকারাজ। রবিবার রড লেভার অ্যারেনায় ৩ ঘণ্টা ৩ মিনিটের চার সেটের রোমাঞ্চকর লড়াইয়ে নোভাক জকোভিচকে ২-৬, ৬-২, ৬-৩, ৭-৫ গেমে হারিয়ে এ বছরের গ্রান্ড স্ল্যাম জিতলেন তিনি।
এই জয়ে মাত্র ২২ বছর বয়সেই 'ক্যারিয়ার স্ল্যাম' (চারটি ভিন্ন গ্র্যান্ড স্ল্যাম জয়) পূর্ণ করলেন আলকারাজ। ওপেন যুগে এত কম বয়সে এই কীর্তি আর কারও নেই। এমনকি তার 'গুরু' রাফায়েল নাদালকেও ছাড়িয়ে গেছেন তিনি। এটি আলকারাজের ক্যারিয়ারের সপ্তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। ফাইনালে দুর্দান্ত শুরু করেছিলেন অভিজ্ঞ জকোভিচ। আলকারাজের ভুলে এবং নিজের অভিজ্ঞতায় প্রথম সেট ৬-২ ব্যবধানে সহজেই জিতে নেন তিনি। তবে দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ান স্প্যানিশ তারকা।
জোকোভিচের সার্ভ ভেঙে ৬-২ গেমে সেট জিতে সমতা ফেরান।
তৃতীয় ও চতুর্থ সেটে ৩৮ বছর বয়সী জকোভিচের খেলায় বয়সের ছাপ স্পষ্ট হয়। ২২ বছরের আলকারাজের গতির কাছে হার মানেন তিনি। তৃতীয় সেট ৬-৩ ব্যবধানে জেতার পর চতুর্থ সেটে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৭-৫ গেমে জয় নিশ্চিত করেন আলকারাজ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭