প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 2, 2026 ইং
জানুয়ারিতে রেমিট্যান্স প্রবাহ ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

দেশে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪৫ দশমিক ১ শতাংশ। জানুয়ারি মাসে দেশে এসেছে ৩ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে একক মাসে তৃতীয় সর্বোচ্চ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২ দশমিক ১৯ বিলিয়ন ডলার।
এর আগে ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে দেশে সর্বোচ্চ ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স আসে, যা একক মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড। এছাড়া ২০২৫ সালের ডিসেম্বরে ৩ দশমিক ২৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স প্রাপ্ত হয়, যা ছিল দ্বিতীয় সর্বোচ্চ।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সময়ে প্রবাসী বাংলাদেশিরা মোট ১৯ দশমিক ৪৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ১৫ দশমিক ৯৬ বিলিয়ন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, বৈদেশিক মুদ্রার সংকট মোকাবিলা এবং রিজার্ভ বাড়াতে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির জন্য বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
তিনি বলেন, এসব পদক্ষেপ প্রবাসীদের আয় দেশে পাঠাতে উৎসাহিত করেছে এবং এর ফলে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রভাব পড়েছে ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭