প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 4, 2026 ইং
শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যু, নির্বাচন স্থগিত

শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদল আর নেই। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় ময়মনসিংহ নেওয়ার পথে তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর।
শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান বাদলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবার ও দলীয় সূত্রে জানা যায়, নুরুজ্জামান বাদল দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন এবং নিয়মিত ডায়ালাইসিস করতেন। মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোরে বাদলের মরদেহ শ্রীবরদীর পোড়াগড় এলাকার গ্রামের বাড়িতে নেওয়া হলে শোকের মাতম নেমে আসে। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা।
এদিকে জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক শোকবার্তায় জানানো হয়, জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ আসনে দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান বাদল কিডনিজনিত রোগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
বাদলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির সাবেক সভাপতি মাহমুদুল হক রুবেল। তিনি এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
পারিবারিক সূত্রে জানানো হয়েছে, আজ বুধবার নুরুজ্জামান বাদলের জানাজা দুটি স্থানে অনুষ্ঠিত হবে। দুপুর ২টা ৩০ মিনিটে শেরপুর শহরের পৌর ঈদগাহ মাঠে প্রথম জানাজা এবং বিকাল ৫টায় শ্রীবরদী সরকারি কলেজ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
নুরুজ্জামান বাদলের মৃত্যুর পর শেরপুর-৩ সংসদীয় আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।পরবর্তীতে নির্বাচন কমিশন নতুন তফসিল ঘোষণা করবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭