প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 4, 2026 ইং
জাতীয় নির্বাচন নিয়ে ভারত ষড়যন্ত্র করছে: নাহিদ ইসলাম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেশী দেশ ভারত ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এবং ঢাকা-১১ আসনের ১১-দলীয় জোট সমর্থিত প্রার্থী নাহিদ ইসলাম।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর মালিবাগ এলাকায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, নির্বাচনকে কেন্দ্র করে প্রতিবেশী দেশ নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি অভিযোগ করেন, প্রতিবেশী দেশের কূটনীতিকদের সাম্প্রতিক কিছু মন্তব্য এ বিষয়ে প্রশ্নের জন্ম দিয়েছে। তাঁর দাবি, অতীতে আওয়ামী লীগের সময়ে অনুষ্ঠিত বিতর্কিত ও ভোট কারচুপির নির্বাচনেও ভারত সমর্থন দিয়েছে। “এবারও তারা নির্বাচন প্রক্রিয়া প্রভাবিত করতে ষড়যন্ত্র করছে,” বলেন তিনি।
গণমাধ্যমের ভূমিকা নিয়েও অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, দেশের গণমাধ্যম একটি নির্দিষ্ট দলকে অতিরিক্ত প্রাধান্য দিচ্ছে, যার ফলে নির্বাচনী মাঠে সমতা নষ্ট হচ্ছে।
এ ছাড়া নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়ে নির্বাচন কমিশন নির্বাচনের পরিবেশ ক্ষতিগ্রস্ত করছে। তাঁর মতে, এসব সিদ্ধান্ত একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।
নাহিদ ইসলাম আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হলে সব ধরনের দেশীয় ও বিদেশি হস্তক্ষেপ বন্ধ করতে হবে এবং নির্বাচনী বিধি কঠোরভাবে বাস্তবায়ন করা জরুরি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭