প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 5, 2026 ইং
টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ইস্যুতে পাকিস্তানের অবস্থান, ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

নিরাপত্তাজনিত কারণে টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের অনুরোধ জানালেও তা প্রত্যাখ্যাত হওয়ায় পুরো টুর্নামেন্ট থেকেই বাদ পড়েছে বাংলাদেশ। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে আলোচনা ও সমালোচনা চলছেই। এরই মধ্যে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ক্রিকেটের আরেক পরাশক্তি পাকিস্তান ভারতের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে।
পাকিস্তানের এই অবস্থানের জন্য দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ–কে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি শুরুতেই লেখেন, ‘ধন্যবাদ পাকিস্তান।’
বাংলাদেশের সমর্থনে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্তের বিষয়ে এটাই প্রথমবার পাকিস্তান সরকারের পক্ষ থেকে প্রকাশ্য ব্যাখ্যা পাওয়া গেল। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বাধীন মন্ত্রিসভার সদস্যদের বক্তব্য উদ্ধৃত করে আসিফ নজরুল লেখেন, বাংলাদেশের সঙ্গে সংহতি জানিয়ে পাকিস্তান সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
মন্ত্রিসভার বক্তব্য অনুযায়ী, বাংলাদেশকে টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মন্ত্রিসভায় বলেন, ‘খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। আমরা ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশের পাশে দাঁড়ানো আমাদের উচিত বলে আমি মনে করি, এবং এটি একটি যথার্থ সিদ্ধান্ত।’
পাকিস্তানের এই অবস্থান আন্তর্জাতিক ক্রিকেটে ক্রীড়া নৈতিকতা ও সমতার প্রশ্নে নতুন করে আলোচনা তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭