প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 5, 2026 ইং
নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ দেখতে চান সেনাপ্রধান ওয়াকার

ত্রয়োশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন সেনাপ্রধান।
৫ ফেব্রুয়ারি ( বৃহস্পতিবার ) তিনি মহানগর সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা উপলক্ষ্যে রাজধানীর জাতীয় স্টেডিয়াম, গুলিস্তানে এ অবস্থিত সেনা ক্যাম্প পরিদর্শন করেন।
এ সময়ে তিনি 'ইন এইড টু দ্য সিভিল পাওয়ার' এর আওতায় মোতায়েনকৃত সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সেনাপ্রধান পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্বারোপ করেন।
রাজধানীতে পরিদর্শনকালে সেনাসদর, ঢাকা ও সাভার এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দের পাশাপাশি ঢাকার বিভাগীয় কমিশনার, অসামরিক প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২২ জানুয়ারি ২০২৬ তারিখ হতে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী দায়িত্ব পালনকারী সকল সংস্থার মধ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক ও আন্তঃবাহিনী সমন্বয় জোরদার করার লক্ষ্যে সেনাবাহিনী প্রধান দেশের বিভিন্ন সেনানিবাস পরিদর্শন করেন ।
এ সময়ে তিনি ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর, বগুড়া, বরিশাল, যশোর, কক্সবাজার, সিলেট, ঘাটাইল ও সাভার এরিয়ার ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক, সকল বিভাগ ও জেলার অসামরিক প্রশাসন এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭