প্রিন্ট এর তারিখঃ Apr 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 6, 2026 ইং
পাঞ্জাবে আম আদমি পার্টির নেতাকে গুলি করে হত্যা

ভারতের পাঞ্জাবের জলন্ধরে আম আদমি পার্টির নেতা লাকি ওবেরয়কে গুলি করে হত্যা করা হয়েছে। শিখ উপাসনালয়ের বাইরে দুর্বৃত্তদের হামলার শিকার হন তিনি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
এনডিটিভি লিখেছে, শুক্রবার সকালে ওবেরয় গুরুদুয়ারার বাইরে তার গাড়ি পার্ক করছিলেন। এ সময় দুই-চাকার একটি যানে আসা হামলাকারীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে প্রাথমিক খবরে জানা গেছে।
তবে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গুরুদুয়ারায় প্রার্থনা শেষে নিজের গাড়িতে ওঠার পর মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে ৮-১০টি গুলি ছোড়ে। লাকি ওবেরয়ের স্ত্রী সিমারজিত কৌর আম আদমি পার্টির প্রার্থী হয়ে পৌরসভা নির্বাচনে অংশ নিলেও জিততে পারেননি।
রাজ্যে ক্ষমতাসীন দলের এক নেতার এমন মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সেখানকার বিধানসভার বিরোদীদলীয় নেতা প্রতাপ সিং বাজওয়া।তিনি বলেছেন, পাঞ্জাবের আইন-শৃঙ্খলা পরিস্থিতি যে পুরোপুরি ভেঙে পড়েছে এই ঘটনা তারই সাক্ষ্য দিচ্ছে।
''ক্ষমতাসীন দলের নেতারাই যদি নিরাপদ না থাকেন, তাহলে সাধারণ মানুষের জন্য আর কীইবা আশা থাকতে পারে?'' এক্সে এমনটাই লিখেছেন তিনি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭