প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 8, 2026 ইং
বাংলাদেশ–জাপানের মধ্যে পরিবেশ বিষয়ক সহযোগিতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং জাপানের পরিবেশ মন্ত্রণালয়ের মধ্যে পরিবেশ বিষয়ক একটি সহযোগিতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। গত ৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জাপানের রাজধানী টোকিওতে এ স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
এ সহযোগিতা স্মারকের মাধ্যমে পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ ও জাপানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশের পক্ষে জাপানে নিযুক্ত রাষ্ট্রদূত জনাব মো. দাউদ আলী এবং জাপানের পক্ষে দেশটির পরিবেশ মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার জনাব কেনতারো ডিও নিজ নিজ সরকারের প্রতিনিধিত্ব করে স্মারকটিতে স্বাক্ষর করেন।
স্মারকটির আওতায় পরিবেশ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রশমন ও অভিযোজন, দূষণ প্রতিরোধ, বর্জ্য ব্যবস্থাপনা এবং জীববৈচিত্র্য সংরক্ষণ।
এছাড়া পারস্পরিক সম্মতির ভিত্তিতে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, সক্ষমতা উন্নয়ন এবং প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধিও এই স্মারকের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে অন্তর্ভুক্ত থাকবে।
বাংলাদেশ ও জাপানের মধ্যে এ উদ্যোগ পরিবেশবান্ধব উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭