প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 8, 2026 ইং
আজ থেকে মাঠে নামছে সেনাসহ সব আইনশৃঙ্খলা বাহিনী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে ভোটগ্রহণ চলবে।
ভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) থেকে সেনাবাহিনীসহ সব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে নামছেন।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে জানান, সেনাবাহিনী আগে থেকেই প্রস্তুত অবস্থায় রয়েছে। তবে আজ থেকে আনুষ্ঠানিকভাবে তারা টানা সাত দিন মাঠে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে ভোটের মাঠে ১ হাজার ৫১ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক পরিপত্রে জানানো হয়, নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন এবং সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও ভিডিপি এবং কোস্ট গার্ড মোতায়েন করা হবে। পাশাপাশি স্থানীয় বেসামরিক প্রশাসনের সহায়তায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় সশস্ত্র বাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মোট ৯ লাখ ৭০ হাজারের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্য রয়েছেন ৫ লাখ ৭৬ হাজার ৪৮৩ জন। সেনাবাহিনীর সদস্য থাকবেন ১ লাখ ৩ হাজার, নৌবাহিনী ৫ হাজার, বিমান বাহিনী ৩ হাজার ৭৩০ জন। এছাড়া বিজিবি ৩৭ হাজার ৪৫৩ জন, কোস্ট গার্ড ৩ হাজার ৫৮৫ জন, পুলিশ ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন, র্যাব ৯ হাজার ৩৪৯ জন এবং চৌকিদার ও দফাদার ৪৫ হাজার ৮২০ জন দায়িত্ব পালন করবেন।
নির্বাচনকে ঘিরে সার্বিক নিরাপত্তা জোরদারে এসব বাহিনী সমন্বিতভাবে কাজ করবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭