প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 8, 2026 ইং
'দ্বিচারিতা-আপস নয়' সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত ও মালয়েশিয়ার একসাথে যুদ্ধ করবে

মালয়েশিয়া থেকে সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, সন্ত্রাসবাদের মতো হুমকি মোকাবিলায় কোনও নির্দিষ্ট মানদণ্ড থাকতে পারে না। এই হুমকির বিরুদ্ধে লড়াইয়ে ভারতের জন্য বন্ধুত্বপূর্ণ দেশগুলির সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নরেন্দ্র মোদী রবিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেছেন। দুই দেশের মধ্যে বাণিজ্য ও প্রতিরক্ষা খাতের সহযোগিতা জোরদারের পাশাপাশি সেমিকন্ডাক্টর খাতে সম্ভাব্য যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের এর প্রতিবেদন অনুসারে, মোদী মালয়েশিয়ায় দুই দিনের সফরে রয়েছেন। এটি মালয়েশিয়ার সঙ্গে 'সমগ্র কৌশলগত অংশীদারিত্ব'প্রতিষ্ঠার পর তার প্রথম সফর। বৈঠকটি প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় আনোয়ারের সরকারি বাসভবনে অনুষ্ঠিত হয়েছে। দুই নেতা স্বাস্থ্যসেবা, জাতীয় নিরাপত্তা ও শ্রমসহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক সহযোগিতা চুক্তির স্বাক্ষীরও সাক্ষী ছিলেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশ সেমিকন্ডাক্টর খাতে সহযোগিতার জন্য বহুস্তরভিত্তিক কাঠামো গড়ার প্রক্রিয়ায় রয়েছে। এছাড়া প্রতিরক্ষা খাতে ভারত মালয়েশিয়ার সঙ্গে ডরনিয়ার বিমান বিক্রি এবং স্করপিন শ্রেণির সাবমেরিন ও সুখোই সু-৩০ যুদ্ধবিমানের সার্ভিসিং ও আধুনিকায়ন নিয়ে আলোচনা করছে।
সরকারি তথ্য অনুযায়ী, গত বছর ভারতের সঙ্গে মালয়েশিয়ার মোট বাণিজ্যের পরিমাণ ছিল ১৮.৬ বিলিয়ন ডলার।
মালয়েশিয়ার রপ্তানির প্রধান পণ্য ছিল পাম তেল এবং বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্য, আর ভারত থেকে আমদানির প্রধান পণ্য ছিল কৃষিপণ্য, পেট্রোলিয়াম ও রাসায়নিক দ্রব্য।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭