জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে তিনি কীভাবে ক্ষমতা ছাড়বেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “তারেক রহমানকে নির্ধারণ করতে হবে তিনি কি হেলিকপ্টারে পালিয়ে দেশ ছাড়বেন, নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন।”

তিনি বলেন, অতীতে যারা গণতন্ত্র ধ্বংস করেছে, তাদের স্থান ইতিহাসের আস্তাকুঁড়ে হয়েছে। এরশাদও সম্মানের সঙ্গে পদত্যাগ করেছিলেন বলেও মন্তব্য করেন তিনি।

এনসিপির আহ্বায়ক বলেন, “বিগত ১৬ বছর আমরা লড়াই করেছিলাম মানবাধিকারের জন্য, গণতন্ত্রের জন্য। আপনারা (বিএনপি) আমাদের সঙ্গে ছিলেন। এই বিএনপি এখন সরকারে এসে নিজেরাই জনগণের মানবাধিকার হরণ করছে। গণতন্ত্রকে ধ্বংস করছে।”

তিনি আরও অভিযোগ করেন, বর্তমান সরকার মানবাধিকার সুরক্ষার পরিবর্তে এমন পরিস্থিতি তৈরি করছে, যেখানে অধিকার হরণের সুযোগ তৈরি হচ্ছে। শেখ হাসিনার সরকারের সময় যেসব আইন ও প্রতিষ্ঠান ব্যবহার করা হয়েছিল, বর্তমান সরকারও সেগুলো ব্যবহার করছে বলেও মন্তব্য করেন তিনি।

লংমার্চকে কেন্দ্র করে দেশজুড়ে গণজোয়ার সৃষ্টি হয়েছে দাবি করে নাহিদ ইসলাম বলেন, এই কর্মসূচির সমর্থনে লাগানো ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে। এতে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সিটি করপোরেশনও যুক্ত হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ব্যানার-ফেস্টুন সরিয়ে লংমার্চের গণজোয়ার বন্ধ করা যাবে না। “দফা বাড়ছে, কিন্তু আমরা জানি সকল দফা এসে ঠেকবে এক দফায়। সেটার জন্য প্রস্তুত হন”—বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোট ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচি পালন করছে।