নভেম্বরের মাঝামাঝি সময় থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের মাধ্যমে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

তিনি বলেন, নভেম্বরের মাঝামাঝি থেকে দেশে স্থানীয় সরকার নির্বাচন শুরু করা হবে। প্রাথমিকভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর কয়েকটি ধাপে পর্যায়ক্রমে সারা দেশে এসব নির্বাচন অনুষ্ঠিত হবে।

আব্দুর রহমানেল মাছউদ জানান, স্থানীয় সরকার নির্বাচন শুরুর আগ পর্যন্ত আইন পরিবর্তন না হলে বিদ্যমান আইন অনুযায়ীই নির্বাচন পরিচালনা করা হবে।

স্থানীয় নির্বাচনের তফসিল সেপ্টেম্বর না অক্টোবরের মধ্যে ঘোষণা করা হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করেননি এই নির্বাচন কমিশনার।

তবে তিনি জানান, শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।