রাজপথের আন্দোলনের মাধ্যমে কংগ্রেস ভারতে নেপাল ও বাংলাদেশের মতো ‘অরাজক পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলটির দাবি, ক্ষমতায় ফিরতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ‘মরিয়া’ হয়ে উঠেছেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভারতের বিভিন্ন স্থানে কংগ্রেসের পাশাপাশি ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ চলার মধ্যে এ অভিযোগ করে বিজেপি।
বুধবার ‘ইনডিয়া’ জোটের বিক্ষোভের কয়েকটি ভিডিও ফুটেজ দেখিয়ে বিজেপির মুখপাত্র প্রদীপ ভাণ্ডারি বলেন, দিল্লিতে রাহুল গান্ধী, তার বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র এবং কংগ্রেস কর্মীরা পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়েছেন বলে তাদের উদ্দেশ্য স্পষ্ট হয়েছে। তিনি এক ভিডিও বার্তায় বলেন, ‘কংগ্রেসের কৌশল হলো নেপাল ও বাংলাদেশের মতো ভারতেও অরাজক পরিস্থিতির বিস্তার ঘটানো।’
এদিকে বৃহস্পতিবার বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে ভোটার তালিকা সংশোধন নিয়ে আয়োজিত ‘পিপলস ট্রাইব্যুনালে’ সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে ও ইউটিউবার ধ্রুব রাঠী অংশ নেন। পরে সেখান থেকে ‘জুতো প্রদর্শন’ কর্মসূচি পালনের কথাও জানানো হয়।
সিজেপি নেতা অভিজিৎ দিপকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ‘গণহত্যা ও ভোট চুরির’ অভিযোগ করেন। একই সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে আসছে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট। এ নিয়ে মঙ্গলবার ও বুধবার দিল্লিতে বিক্ষোভ হয় এবং রাহুল গান্ধীসহ কয়েকজন বিরোধী নেতা আটক হন।
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি না দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেস দিল্লি হাইকোর্টে আবেদন করেছে। আদালত শুক্রবার এ বিষয়ে শুনানি করতে সম্মত হয়েছেন।
দিল্লি পুলিশ জানিয়েছে, ভোটার তালিকা সংশোধন এবং সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে বুধবার মধ্য দিল্লিতে ‘ইনডিয়া’ জোটের বিক্ষোভে সংঘর্ষের ঘটনা ঘটে। বিজেপিও অভিযোগ করেছে, ওই বিক্ষোভে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়েছেন।
বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে আয়োজিত পিপলস ট্রাইব্যুনালে ধ্রুব রাঠী বলেন, এটি তার প্রথম আন্দোলন। তিনি বলেন, ‘গতকাল যখন নামলাম, দেখলাম সোশ্যাল মিডিয়ায় পোস্ট ভাইরাল হচ্ছে যে ধ্রুব রাঠী সরকার পরিবর্তন করতে আসছে। নরেন্দ্র মোদি হয়তো ভাবছেন আমার সমস্যা কেবল তাকে নিয়ে; কিন্তু সত্যি হলো পুরো দেশেরই তাকে নিয়ে সমস্যা রয়েছে।’
সূত্র: দ্য হিন্দু, দ্য প্রিন্ট





