সরকারের জবাবদিহি নিশ্চিত ও বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য বিরোধী দলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, ওয়েস্টমিনস্টার পদ্ধতির সংসদীয় গণতন্ত্রকে আরও কার্যকর করতে ছায়া মন্ত্রিসভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট আয়োজিত শরৎ উৎসব ও নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।
কায়সার কামাল বলেন, সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যবেক্ষণ ও মূল্যায়নের জন্য বিরোধী দলের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি নির্ধারণ করা যেতে পারে। এতে সরকারি সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের ওপর কার্যকর নজরদারি প্রতিষ্ঠার পাশাপাশি জবাবদিহি নিশ্চিত করা সহজ হবে।
তিনি বলেন, সরকারের ভুলত্রুটি চিহ্নিত করা এবং গঠনমূলক সমালোচনার মাধ্যমে সংশোধনের সুযোগ তৈরি করা বিরোধী দলের অন্যতম দায়িত্ব। শুধু রাজপথের আন্দোলনে সীমাবদ্ধ না থেকে সংসদেও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের বৃহত্তর স্বার্থে সরকারি ও বিরোধী দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান ডেপুটি স্পিকার। তিনি বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে দলীয় অবস্থানের ঊর্ধ্বে উঠে সহযোগিতামূলক মনোভাব নিয়ে এগিয়ে আসা প্রয়োজন।
সংসদীয় ব্যবস্থার মাধ্যমে নির্বাহী বিভাগের কর্মকাণ্ড পর্যালোচনা এবং সরকারের জবাবদিহি প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন কায়সার কামাল। তার মতে, সততা, নীতিনিষ্ঠা ও পারস্পরিক দায়িত্ববোধ বজায় থাকলে কার্যকর সংসদীয় গণতন্ত্র গড়ে তোলা সম্ভব।
রাজনৈতিক সংস্কারের পাশাপাশি প্রশাসনিক সংস্কারের তাগিদ
রাষ্ট্রের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় শুধু রাজনৈতিক সংস্কার যথেষ্ট নয় বলে মন্তব্য করেন ডেপুটি স্পিকার। তিনি বলেন, আমলাতন্ত্র, সিভিল প্রশাসন, প্রকৌশল বিভাগসহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কাঠামোগত সংস্কারও জরুরি।
কায়সার কামালের মতে, রাজনৈতিক নেতৃত্ব পরিবর্তন করা গেলেও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা দূর না হলে কাঙ্ক্ষিত পরিবর্তন নিশ্চিত করা কঠিন।
তিনি বলেন, প্রাতিষ্ঠানিক সংস্কারের অভাবে বিপুল সরকারি অর্থ ব্যয় করেও অনেক ক্ষেত্রে জনগণের কাছে প্রত্যাশিত সেবা পৌঁছানো সম্ভব হয় না। এ জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আরও জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করে গড়ে তুলতে হবে।
সরকারি সেবা পৌঁছাতে আমলাতান্ত্রিক জটিলতা বড় বাধা
সরকারের বিভিন্ন প্রণোদনা ও সহায়তা কর্মসূচি বাস্তবায়নে প্রশাসনিক জটিলতাকে অন্যতম প্রতিবন্ধকতা হিসেবে উল্লেখ করেন কায়সার কামাল।
তিনি বলেন, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য সরকার নানা উদ্যোগ ও সহায়তা কর্মসূচি গ্রহণ করলেও বাস্তবায়ন পর্যায়ের দুর্বলতার কারণে অনেক সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা এর সুফল পান না।
নীতিনির্ধারণী পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ করা হলেও আমলাতান্ত্রিক জটিলতা ও লালফিতার দৌরাত্ম্যে সেসব উদ্যোগের কাঙ্ক্ষিত ফল অর্জন বাধাগ্রস্ত হয় বলে মন্তব্য করেন তিনি।
এ অবস্থার পরিবর্তনে প্রশাসনিক ব্যবস্থার সংস্কার এবং সরকারি সেবা জনগণের কাছে সহজে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন ডেপুটি স্পিকার।
বক্তব্যের শেষ পর্যায়ে নতুন বাংলাদেশের অগ্রযাত্রা এগিয়ে নিতে রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসন ও নাগরিক সমাজকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
কায়সার কামাল বলেন, দায়িত্বশীল বিরোধী দল, জবাবদিহিমূলক সরকার এবং কার্যকর সংসদীয় ব্যবস্থার সমন্বয়ের মাধ্যমেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।