রাজনৈতিক বিরোধিতার নামে আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করা হলে তা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের সঙ্গে প্রতারণার শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বিরোধী দলকে কেবল বিরোধিতার জন্য বিরোধিতা না করে গঠনমূলক সমালোচনার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ওসমানী উদ্যানে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ ও উদ্যানের আধুনিকায়নকাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

বিরোধী দলের ভূমিকার সমালোচনা করে তারেক রহমান বলেন, বিরোধী দল শুধু বিরোধিতা করার উদ্দেশ্যেই সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করছে। তার অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ না করায় আমন্ত্রণ পেয়েও বিরোধী দলের প্রতিনিধিরা জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেননি।

প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দল আবারও পুরোনো রাজনৈতিক অবস্থানে ফিরে যাচ্ছে। তবে সরকারের সঙ্গে মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, সব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একমত হওয়া সম্ভব না হলেও দেশের মানুষের কল্যাণের প্রশ্নে মতবিরোধের সুযোগ নেই।

মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই আন্দোলন—উভয় সংগ্রামের মূল লক্ষ্য ছিল জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা।

তারেক রহমান বলেন , জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশের মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি জানান, ওসমানী উদ্যানে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে ৮১৩ জন শহীদের নাম লিপিবদ্ধ করা হয়েছে। তাদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে থাকবে বলে উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জনগণ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। নির্বাচনের মাধ্যমে দলটি আগামী পাঁচ বছরের জন্য সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছে বলে জানান তিনি।

বিরোধী দলের উদ্দেশে তারেক রহমান বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জনগণের জীবন ও স্বাস্থ্য সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।