ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যা আদায়ে বাংলাদেশ একটি কমিটি গঠন করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। কমিটিতে ভারতীয় প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে দেশটির কাছে নাম চাওয়া হয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার সকালে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের মিলনায়তনে ‘পানির ভবিষ্যৎ পুনর্বিবেচনা—যুব নেতৃত্ব, ন্যায়বিচার ও সহযোগিতা’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, পানির ন্যায্য হিস্যা আদায়ের ক্ষেত্রে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আইন এবং জনগণের পূর্ণ সমর্থন রয়েছে।

তিনি আরও বলেন, জাতিসংঘের অধীনে একটি আন্তর্জাতিক পানি সংস্থা গঠনের লক্ষ্যে বাংলাদেশ কাজ করছে। ওই সংস্থার নেতৃত্ব পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিশ্চিত করার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

ভবিষ্যতের পানি কূটনীতির চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তরুণদের বিজ্ঞান, আন্তর্জাতিক আইন এবং বহুমাত্রিক দক্ষতায় সক্ষম ‘পানি কূটনীতিক’ হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যা নিয়ে সরকার আলোচনা চালিয়ে যাবে এবং এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।