জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে টাঙ্গাইলের আশেকপুর বাইপাস এলাকায় ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের অংশ হিসেবে আয়োজিত পথসভায় তিনি এ ঘোষণা দেন।

পথসভায় শফিকুর রহমান বলেন, আট দফা দাবি বাস্তবায়নের জন্য শুরু হওয়া কর্মসূচি প্রয়োজনে জনগণের স্বার্থে এক দফার আন্দোলনে রূপ নিতে পারে।

তিনি বলেন, “আজকের লংমার্চ আপনাদের দিকে, আগামীকালের লংমার্চ এখান থেকে ঢাকার দিকে।” বর্তমান সরকার জাতির সঙ্গে ধোঁকাবাজি করেছে এবং জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শুরু হয়েছে।

টাঙ্গাইলের পথসভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতে ইসলামীর আমির আহসান হাবীব মাসুদ।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, নায়েবে আমির মাওলানা আবুল কাশেম কাশেমী, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এবং আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুসহ অন্যান্য নেতারা।