১১ দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়ে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে না নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের প্রতি এ আহ্বান জানান তিনি।

গোলাম পরওয়ার বলেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে জন-আকাঙ্ক্ষাকে উপেক্ষা না করে সরকারের উচিত জনগণের প্রত্যাশার প্রতি সম্মান দেখানো। অতীত সরকারের মতো সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে মানুষের অধিকার হরণ করা হলে এর পরিণতি ভালো হবে না বলেও মন্তব্য করেন তিনি।

সংসদে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের কোনো সুযোগ বিরোধী দল দেখছে না দাবি করে তিনি বলেন, এ কারণেই রাজপথে কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সময় থাকতে সংস্কারের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, এখন দাবি মেনে না নিলে পরে সময় শেষ হয়ে গেলে কিছু করার থাকবে না।

ঢাকা থেকে রংপুর অভিমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, কর্মসূচি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা তারা চান না এবং তা হতে দেবেন না।

তিনি বলেন, ‘আমাদের কর্মসূচি হবে নন-ভায়োলেন্ট, নিয়মতান্ত্রিক। অস্থিতিশীলতা, বিশৃঙ্খলা, ভাঙচুর—এই জাতীয় কোনো চিন্তা বা কর্মসূচি আমাদের ১১ দলের মধ্যে নেই। আমাদের গোটা কর্মসূচি হবে শান্তিপূর্ণ।’

সরকার ও প্রশাসনের সহযোগিতা কামনা করে তিনি বলেন, পুলিশ প্রশাসন, সিভিল সোসাইটি, ট্রাফিক, ইন্টেলিজেন্স এবং কর্মসূচির পথের সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের লিখিতভাবে জানানো হয়েছে, যাতে তারা এই নিয়মতান্ত্রিক কর্মসূচিতে সহযোগিতা করেন।

তিনি আরও বলেন, ‘কেউ যদি ইচ্ছাকৃতভাবে ১১ দলের এই শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দিয়ে ব্যাহত করে, দেশকে অস্থিতিশীল করে ১১ দলকে বা জাতির কাছে কোনো ভুল মেসেজ দিতে চান, সাবোটাইজ করতে চান, তাদের কাছে বিনয়ের সঙ্গে আমরা এখন অনুরোধ করব, আপনারা এই অপরিণামদর্শী চিন্তা থেকে ফিরে থাকবেন।’

গোলাম পরওয়ার বলেন, ‘আমরা যেহেতু কোনো বিশৃঙ্খলা চাই না, হতে দেব না, অহেতুক কেন আপনি পায়ে পাড়া দিয়ে গণ্ডগোল করে শান্ত দেশকে অশান্ত করে তুলবেন?’