গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধকে ‘বিপর্যয়কর, অন্যায় ও অসমানুপাতিক’ বলে মন্তব্য করেছেন ব্রিটিশ পপ তারকা এড শিরান। একই সঙ্গে র্যাপার ম্যাকলমোরকে ঘিরে সাম্প্রতিক বিতর্কে নিজের ভূমিকার জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি।
শনিবার যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় এক কনসার্টে বক্তব্য দেওয়ার সময় শিরান গাজা পরিস্থিতি নিয়ে নিজের উদ্বেগের কথা জানান। ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলাকে তিনি ‘ভয়াবহ’ বলেও উল্লেখ করেন।
পশ্চিম তীরের পরিস্থিতি নিয়েও কথা বলেন শিরান। ইসরায়েলের ডানপন্থি জোট সরকারের অধীনে সেখানে ইহুদি বসতি সম্প্রসারণের প্রসঙ্গ তুলে তিনি ‘পদ্ধতিগত অবিচার’-এর সমালোচনা করেন।
ম্যাকলমোরকে নিয়ে সাম্প্রতিক বিতর্কের প্রসঙ্গে শিরান বলেন, তাকে কঠিন কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে এবং সেসব সিদ্ধান্তে তিনি ভুলও করেছেন। এ জন্য কনসার্টে উপস্থিত দর্শকদের কাছে তিনি দুঃখ প্রকাশ করেন।
এর আগে ৪ সেপ্টেম্বর নিউ জার্সির একটি কনসার্টে ‘ফ্রি প্যালেস্টাইন’ মন্তব্য করার পর ম্যাকলমোরকে শিরানের যুক্তরাষ্ট্র সফরের উদ্বোধনী শিল্পী হিসেবে বাদ দেওয়া হয়। ম্যাকলমোর দাবি করেছিলেন, কয়েকটি স্টেডিয়ামের মালিক তাকে সফরে রাখা হলে শিরানকে তাদের ভেন্যুতে পারফর্ম করতে দেওয়া হবে না বলে জানিয়েছিলেন। পরে সফরের আরও কয়েকজন সহযোগী শিল্পী ম্যাকলমোরের প্রতি সংহতি জানিয়ে সরে দাঁড়ান।
শনিবারের বক্তব্যে শিরান বলেন, কনসার্টে শিল্পীদের বক্তব্য ও বিষয়বস্তু যাচাই করে তাদের পারফর্ম করার সুযোগ দেওয়া নিয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। তাঁর ভাষ্য, বিশ্বের বিভিন্ন জায়গায় এমন ঘটনা ঘটলেও ‘মুক্ত বিশ্বে’ এ ধরনের পরিস্থিতি হওয়া উচিত নয়।
এদিকে শিরানের কনসার্টের আগে ফিলাডেলফিয়ায় কয়েক ডজন ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী জড়ো হন। গাজার পরিস্থিতি সম্পর্কে মানুষকে অবহিত করা এবং ফিলিস্তিনিদের পক্ষে কাজ করা স্থানীয় সংগঠনগুলোর কার্যক্রম তুলে ধরাই ছিল তাদের উদ্দেশ্য।





