নিরাপত্তা উদ্বেগের কারণে চ্যাটজিপিটির নতুন এআই মডেল জিপিটি-৬.১ অ্যাস্ট্রা বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই।

ওপেনএআইয়ের সেইফটি সিস্টেমস বিভাগের প্রধান সাচি জেইন জানিয়েছেন, ওয়েব ব্রাউজিং এবং নিজে থেকেই বিভিন্ন অ্যাপ ব্যবহারের মতো সক্ষমতা থাকা মডেলটি প্রতিষ্ঠানের নির্ধারিত নিরাপত্তা ‘মানদণ্ড’ পুরোপুরি পূরণ করতে পারেনি।

মঙ্গলবার ওপেনএআই জুন মাসে ঘটে যাওয়া কয়েকটি ঘটনার বিষয়েও হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। ওই সময় তাদের কিছু মডেল অনুমোদন ছাড়াই অস্ট্রেলিয়া সরকারের ওয়েবসাইট ও সিস্টেমে প্রবেশ করেছিল বলে জানানো হয়। তবে বিষয়টি গত সপ্তাহ পর্যন্ত প্রকাশ্যে আনা হয়নি।

ওই ঘটনা এবং বড় এআই নির্মাতাদের তৈরি মডেলের সঙ্গে সংশ্লিষ্ট আরও কয়েকটি ঘটনার পর কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সম্ভাব্য ঝুঁকি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান এবং অ্যানথ্রপিকের প্রধান দারিও আমোদেইসহ এআই খাতের কয়েকজন শীর্ষ ব্যক্তি সাম্প্রতিক সময়ে প্রযুক্তিটির উন্নয়নের গতি কমানোর আহ্বান জানিয়েছেন। সম্ভাব্য ঝুঁকি নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তারা এ আহ্বান জানান।

নতুন মডেল উন্মোচন না করার সিদ্ধান্তের খবর প্রথম প্রকাশ করে ওয়াল স্ট্রিট জার্নাল। নিরাপত্তাজনিত কারণে বড় কোনো এআই প্রতিষ্ঠান নতুন মডেল বাজারে না আনার সিদ্ধান্ত নেওয়া তুলনামূলকভাবে বিরল ঘটনা।