এক দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার দাম। এবার ভালো মানের সোনার দাম ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা কমেছে। নতুন এ দাম মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি সোনার দাম কমানোর বিষয়টি জানিয়েছে। সংগঠনটি বলেছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় মূল্য সমন্বয় করা হয়েছে। তবে বিশ্ববাজারে সোনার দাম কমার প্রভাবও রয়েছে।

একই সঙ্গে দেশের বাজারে রুপার দামও কমানো হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি ভালো মানের সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের সোনার দাম ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা।

বাজুসের তথ্য অনুযায়ী, এর আগে ২৬ সেপ্টেম্বর ভালো মানের প্রতি ভরি সোনার দাম কমানো হয় ১ হাজার ৬৯১ টাকা। এরপর সোমবার (২৮ সেপ্টেম্বর) কমানো হয় ২ হাজার ১৫৮ টাকা। আর মঙ্গলবার কমেছে আরও ২ হাজার ২১৬ টাকা।

সব মিলিয়ে তিন দফায় ভালো মানের প্রতি ভরি সোনার গয়নার দাম কমেছে মোট ৬ হাজার ৬৫ টাকা।

সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ১৭৫ টাকা কমেছে। এতে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৩১৫ টাকা।

দেশের বাজারে এর আগে সোনার সর্বোচ্চ দাম উঠেছিল ২ লাখ ৮৬ হাজার টাকা পর্যন্ত। চলতি বছরের ২৯ জানুয়ারি ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় সোনার দাম। ওই দিন এক লাফে ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে ২ লাখ ৮৬ হাজার টাকায় দাঁড়ায়।

এরপর সোনার দাম প্রতি ভরি ২ লাখ ২০ হাজার টাকার নিচে নেমে এলেও পরে আবার বাড়তে শুরু করে। বর্তমানে দেশের বাজারে সোনার দামে ধারাবাহিক ওঠানামা চলছে।