দেশের বাজারে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমানো হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা কিনতে এখন খরচ হবে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দামের পরিবর্তনের কারণে সোনার দাম পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে শনিবার সোনার দাম কমানোর সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্য তালিকা প্রকাশ করা হয়।
বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শুধু ২২ ক্যারেট নয়, অন্যান্য মানের সোনার দামও পরিবর্তন করা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার দামের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।